মাঝরাতে সেহেরি নিয়ে ছিন্নমূল পাশের সনাতনী নারীরা

বগুড়া শহরের স্টেশন প্লাটফর্মে প্রতিদিন প্রায় ১০০ ছিন্নমূল অসহায় মানুষের জন্য সেহেরির আয়োজন করেছেন সনাতনী নারীরা। শনিবার (৬ মার্চ) রাত ৩টার পর থেকে বগুড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে  পরম যত্নে সারিবদ্ধ মানুষদের বসিয়ে গরম ভাত ও তরকারি পরিবেশর করেন তারা।

হিরোনবালা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রমজানের প্রথম দিন থেকে এই কার্যক্রম পরিচালানা করে আসছেন।

ভিক্ষুক রমিছা বেওয়া, দিনমজুর আমিরুল ইসলাম, রিকশাচালক শাহিদুর রহমানসহ বেশ কয়েকজন বলেন, সারাদিন কাজ করে ফিরে রাতে সেহেরি খাওয়া নিয়ে চিন্তায় ছিলাম। কিন্তু রোজার প্রথমদিন থেকে কয়েকজন নারী এসে আমাদের সেহেরি দিচ্ছে। ভালো খাবার দেয়। সেহেরি খাওয়া নিয়ে এখন আর চিন্তা নাই।

বগুড়া রেল কর্তৃপক্ষ জানায়, প্লাটফর্ম চত্বরে কাউকে এমন আয়োজন করতে দেওয়া হয় না। তবে হিরোনবালা ফাউন্ডেশনের নারী খাওয়ানোর পর পরিস্কার করে দিয়ে যান। তাদের কাজ পরিচ্ছন্ন হওয়ায় সেহেরি আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। এটা ভালো উদ্যোগ তাই আমরাও পাশে আছি।

সংগঠনের স্বেচ্ছাসেবক স্বাগতা সাহা, বন্যা রানী বলেন, হিরোনবালা ফাউন্ডেশনের সঙ্গে কাজ করছি। আমরা আরও কাজ করতে চাই। পাশাপাশি বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তারা।

পেশায় স্কুলশিক্ষক হিরোনবালা ফাউন্ডেশনের সভাপতি শুভ্রা সাহা বলেন, আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া মানুষকে খাদ্য সহায়তা দেওয়া, অর্থের অভাবে যে সব শিশুরা পড়াশোনা করতে পারে না তাদের পড়াশোনার ব্যবস্থা করা। রমজানের প্রথম থেকে আমরা ছিন্নমূল মানুষ গরম ভাত ও তরকারি আয়োজন রেখেছি। আর স্থান হিসেবে স্টেশন চত্বরকে বেছে নিয়েছি। রমজানের প্রথম দিন থেকে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।