ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আজ শনিবার (৭ মার্চ) কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল উক্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। পরে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. ইব্রাহিম (৩২) ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্ত মুন্সী এলাকার মোজাম্মেল মালের ছেলে।

জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।