ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে থাকবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশি যেসকল প্রবাসী ক্ষতিগ্রস্ত হবেন তাদের পাশে থাকবে সরকার। ফ্লাইট বাতিল হওয়ার কারণে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের সহায়তা করা হবে। প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, ‘প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে।’

আজ শনিবার সিলেট নগরীর মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়ী এলাকায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত ‘হোলি উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় সেখানকার বাংলাদেশিদের বিষয়ে কী উদ্যোগ নেওয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন আমরা যৌথভাবে কাজ করছি। যুদ্ধ পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন, তাদের বিষয়ে খবর পাওয়ামাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করে নিয়মমতো প্রক্রিয়া মেনে এগোনো হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি চলমান দেশগুলোয় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে। আমাদের প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।’

সিলেট নগরীতে সম্প্রতি প্রকাশ্য দিবালোকে একাধিক ছিনতাই প্রসঙ্গে মন্ত্রী আরিফুল হক বলেন, ‘সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে। সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তাই কোনোভাবেই সিলেটে এসব কর্মকাণ্ড বরদাশত করা হবে না।’

হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত গভীর। এই সম্প্রীতি অটুঁট রাখতে হবে। এ ব্যাপারে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

হোলি উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘মণিপুরী সম্প্রদায়ের লোকজন দেশের উন্নয়ন-অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান এই সম্প্রদায়ের উন্নয়ন-অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এখনও সেই ধারা অব্যাহত রয়েছে।’

হোলি উৎসব উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন- সিলেটে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া প্রমুখ।