চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাহাড় কেটে ইটভাটায় মাটি সরবরাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। পরিবেশের ক্ষতি ও অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ কার্যক্রম বন্ধ করা হয়। শনিবার (৭মার্চ) সকাল থেকে উপজেলার এওচিয়া ইউনিয়নের চুড়ামনি এলাকায় এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান ও বাংলাদেশ সেনাবাহিনী।
উপজেলা প্রশাসন জানায়, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় কেটে মাটি ট্রাক ও ডাম্পারের মাধ্যমে ইটভাটায় সরবরাহ করছিল। এতে পাহাড় ধ্বংসের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর প্রভাব পড়ছিল। সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান বলেন, পাহাড় রক্ষায় আমরা কোন ভাবেই ছাড় দেব না। এওচিয়া এলাকায় পাহাড় কেটে মাটি সরবরাহ বন্ধ করে দিয়েছি। মাটি কাটায় ব্যবহৃত সড়ক কেটে দিয়েছি। পাহাড় খেকোদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সচেতন মহল। পাহাড় ও পরিবেশ রক্ষায় নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।