দেশে তেলের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে কিছুটা চাপ তৈরি হলেও বাংলাদেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই। দেশে অন্তত এক মাসের চাহিদা মেটানোর মতো তেলের মজুদ রয়েছে এবং পরবর্তী চালানবাহী জাহাজও ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাই তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শনিবার (৭মার্চ) কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়ামে বাংলাদেশ দোকান মালিক সমিতি, কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা, ইফতার ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপচয় রোধে সবাইকে সচেতন থাকতে হবে। আসন্ন ঈদ মৌসুমে মার্কেটগুলোতে অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্যও তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ব এখন একটি কঠিন সময় অতিক্রম করছে। তাই বিদ্যুতের অপচয় কমিয়ে সবাইকে হিসাব করে চলতে হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। দেশের মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব তাঁর ওপর দেওয়া হয়েছে। এই দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব জহিরুল হক ভূঁইয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ জামাল খন্দকার। কুমিল্লা দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ভূঁইয়া মঞ্জুরের সঞ্চালনায় কুমিল্লার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি হেলাল উদ্দিন কুমিল্লা জেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন।