দেশের বিনোদন অঙ্গন নিয়ে ক্ষুব্ধ চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিকে তিনি ডাস্টবিনের সঙ্গে তুলনা করলেন। একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইন্ডাস্ট্রির পরিবর্তিত অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই অভিনেত্রী।
অনুষ্ঠানে হালকা গোলাপি লেহেঙ্গায় নজর কাড়েন এই নায়িকা। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে শুধু পোশাকের রঙ নয় বরং নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং ব্যবসা নিয়েও খোলাখুলি কথা বলেছেন অপু।
চলচ্চিত্র ও নিজের অতীত নিয়ে তিনি বলেন, ‘২০০৭–২০০৮ সালে যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন একটি ফুল ফেইজের চলচ্চিত্র দেখে ভক্ত তৈরি হত। কিন্তু ২০১৬ সাল থেকে ইন্ডাস্ট্রিতে নোংরামি শুরু হয়েছে। এখন ইন্ডাস্ট্রি একটা ডাস্টবিন হয়ে গেছে। পক্ষ-বিপক্ষ সব জায়গায় আছে। বলিউড-হলিউড সব জায়গায় পক্ষ-বিপক্ষ আছে, টলিউড তো পাশেই। তবে সেখানে সবাইকে নিয়েই কাজ করা হয়। কিন্তু ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না।’