ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের কমিটি: সভাপতি আতাউর, সম্পাদক রিপন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে দৈনিক ইনকিলাবের সংবাদদাতা আতাউর রহমান সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি রুহুল আমিন রিপন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠন উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সংগঠনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬ কার্যকরী পরিষদ গঠনকল্পে ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গৃহিত হয়। এতে অ্যাডভোকেট এ এস এম সারোয়ার জাহানকে (এলজিপি) প্রধান নির্বাচন কমিশন গঠন করা হয়।

সেই নির্বাচন কমিশন গত ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র ক্রয় ও জমা দান তারিখ নির্ধারণ করে। পরে ২৮ ফেব্রুয়ারি মনোনয়ন যাচাই বাচাই ও ১ মার্চ মনোনয়ন প্রত্যাহার সময়সীমা দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। নির্ধারিত সময় সীমায় ৯ সদস্য বিশিষ্ট্য কার্যকরী পরিষদে মোট ৮টি মনোনয়নপত্র বিক্রয় ও জমা পড়ে। নির্ধারিত সময়ে প্রত্যেক পদের বিপরীতে অন্যকোন মনোনয়নপত্র সংগ্রহ না করায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ এর সভাপতি হিসেবে দৈনিক ইনকিলাব সংবাদদাতা আতাউর রহমানকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রুহুল আমিন রিপনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটিতে স্থান পাওয়া অপর সদস্যরা হলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার ঈশ্বরগঞ্জ সংবাদদাতা সাইফুল ইসলাম তালুকদার সহ-সভাপতি, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি মো. এহছানুল হক যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আরিফুল হক কোষাধ্যক্ষ, দৈনিক কালবেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম শুভ দপ্তর ও প্রচার সম্পাদক, দৈনিক সমকাল প্রতিনিধি মহিউদ্দিন রানা শিল্প-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, দৈনিক মানবজমিন প্রতিনিধি ফারুক ইফতেখার সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী সদস্য নির্বাচিত হন।

ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান বলেন, আমাদের ঐতিহ্যবাহী ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাব দীর্ঘদিন যাবত গণতান্ত্রিক পদ্ধতিতে কার্যকরী পরিষদ গঠন করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে এবারও কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। অতীতের ন্যায় এবারও সকলে মিলেমিশে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাব এবং সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। কেননা ঐক্যের চেয়ে আর কোনও বড় শক্তি নেই।