৭ মার্চের নামে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

মুক্তিযুদ্ধ, শেখ মুজিব ও ৭ মার্চের নামে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গাওয়ার একটা বৈধতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আজ শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে ফরিদপুর বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গৌরব ইতিহাসের অংশ। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ভূলুণ্ঠিত করেছে সেই ফ্যাসিস্ট দোসররা গত ১৭ বছর শেখ মুজিবের নামে, ৭ মার্চের নামে সব অপকর্ম, লুণ্ঠন, গণহত্যা, গুম-খুন সবই বৈধতা দেওয়ার চেষ্টা করে গিয়েছে। এখনও আমরা একই প্রচেষ্টা দেখছি।

বর্তমান সরকারে শেখ হাসিনা সরকারের প্রবণতা দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ সবকিছু দলীয়করণ করা হয়েছিল। এ সরকারের একমাসও হয়নি কিন্তু সে প্রবণতা শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় এর বিচ্যুতি যদি ঘটে তাহলে এগারো দলকেও, জাতীয় নাগরিক পার্টিকেও চিন্তা করতে হবে; আমাদের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য থাকব।

এ সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলম, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্যা, ফরিদপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রার্থী ও দলটির শুরা সদস্য প্রফেসর আব্দুল তাওয়াব, জেলা আমির মাওলানা বদরুদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।