মহাবিশ্ব ও প্রকৃতির স্থিতিশীল নকশা

প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করলে, এক আশ্চর্য সত্য ধরা পড়ে। প্রকৃতি কখনো সীমাহীন শক্তি বা অনিয়ন্ত্রিত গতিকে অনুমতি দেয় না। বরং সে প্রতিটি ঘটনার জন্য, নির্দিষ্ট সীমা নির্ধারণ করে। এই সীমাই প্রকৃতিকে স্থিতিশীল এবং জীবনকে সম্ভব করে তোলে। একটি নদীর প্রবাহ, হৃদস্পন্দনের তাল কিংবা নিউক্লিয়াসের ভেতরের শক্তি সবকিছুই নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করে। এই সীমা ভাঙলে প্রকৃতির ভারসাম্য নষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি হয়।

প্রকৃতির এই সীমাবদ্ধতা শুধু পদার্থবিজ্ঞানের বিষয় নয়, এটি জীবনের প্রায় প্রতিটি স্তরে উপস্থিত। উদ্ভিদের বৃদ্ধি, প্রাণীর শারীরিক শক্তি, এমনকি মানুষের শ্বাস-প্রশ্বাসের ছন্দও একটি নির্দিষ্ট ভারসাম্যের মধ্যে কাজ করে। যদি এই ছন্দ ভেঙে যায়, তাহলে জীবনের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। তাই প্রকৃতির সীমা আসলে, একটি সুরের মতো যেখানে প্রতিটি অংশ নির্দিষ্ট মাত্রার মধ্য থেকে সামগ্রিক সংগীতকে সুন্দর করে তোলে। এই ধারণা থেকেই গভীর প্রশ্ন উঠে, যদি প্রকৃতি সবকিছুর জন্য সীমা নির্ধারণ করে তবে কি মহাবিশ্বেরও সীমা আছে? এর প্রকৃতি বোঝার জন্য, বিজ্ঞানীরা বহুদিন ধরে গবেষণা করে আসছেন।

আধুনিক মহাজাগতিক তত্ত্ব অনুযায়ী, মহাবিশ্ব ‘বিগ ব্যাং’ থেকে শুরু করে ক্রমাগত প্রসারিত হচ্ছে। এই প্রসারণ দেখে মনে হতে পারে, মহাবিশ্ব অসীম বা সীমাহীনভাবে বিস্তৃত। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। মহাবিশ্বের স্থান বিস্তৃত হতে পারে, কিন্তু এর ভেতরের নিয়ম এবং শক্তির ব্যবহার বরাবর সীমাবদ্ধ। পদার্থবিজ্ঞানের অনেক মৌলিক নিয়ম এই সীমার ধারণাকে স্পষ্ট করে। উদাহরণস্বরূপ, আলোর গতি মহাবিশ্বের একটি চূড়ান্ত সীমা। কোনো বস্তু বা তথ্য এই গতির চেয়ে দ্রুত চলতে পারে না। এটি শুধু একটি গতি নয়; এটি একটি প্রাকৃতিক সীমানা, যা মহাবিশ্বে কারণ ও ফলাফলের সম্পর্ককে স্থিতিশীল রাখে। একইভাবে শক্তি, ভর এবং তথ্যের আদান-প্রদানও নির্দিষ্ট নিয়মে ঘটে। এই সীমাগুলো না থাকলে, মহাবিশ্বে বিশৃঙ্খলা তৈরি হতো এবং স্থায়ী কাঠামো গড়ে উঠত না। এই সীমার ধারণা মহাবিশ্বের কাঠামো বোঝার জন্যও গুরুত্বপূর্ণ। গ্যালাক্সি, নক্ষত্র এবং গ্রহের মতো বৃহৎ কাঠামোগুলো কেবল তখনই স্থিতিশীল থাকে যখন মহাকর্ষ, শক্তি এবং গতির মধ্যে একটি নির্দিষ্ট ভারসাম্য বজায় থাকে। যদি এই ভারসাম্য ভেঙে যায়, তাহলে মহাজাগতিক কাঠামো ধ্বংস হয়ে যেতে পারে। তাই মহাবিশ্বের স্থিতিশীলতা আসলে সীমা এবং সামঞ্জস্যের ওপর নির্ভরশীল। অনেক ক্ষেত্রে অসীমতার ভেতরেও একটি স্থিতিশীল সীমা কাজ করে। যেমন একটি তরঙ্গ অসীম সময় ধরে চলতে পারে, কিন্তু তার উচ্চতা বা amplitude নির্দিষ্ট সীমার মধ্যে থাকে।

প্রকৃতি যেন অসীম সম্ভাবনাকে অনুমতি দেয়, কিন্তু সেই সম্ভাবনাকে সুশৃঙ্খল রাখতে সীমার প্রয়োজন হয়।

পারমাণবিক শক্তির ক্ষেত্রে এই সীমার গুরুত্ব আরও স্পষ্ট। একটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে শক্তি উৎপাদন তখনই নিরাপদ হয়, যখন নিউট্রনের প্রবাহ নিয়ন্ত্রিত থাকে। এই নিয়ন্ত্রণের মাধ্যমে চেইন রিঅ্যাকশন ধীরে এবং স্থিতিশীলভাবে চলতে পারে, যা বিদ্যুৎ উৎপাদনের জন্য উপকারী। কিন্তু যদি এই প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন একই শক্তি ভয়াবহ বিস্ফোরণে পরিণত হতে পারে। এখানে দেখা যায় যে, প্রকৃতির শক্তি নিজে বিপজ্জনক নয়; বিপজ্জনক হয় তখনই, যখন আমরা তার সীমা অতিক্রম করি। কোয়ান্টাম জগতেও সীমা একটি মৌলিক ভূমিকা পালন করে। একটি কণার wavefunction অসংখ্য সম্ভাবনা ধারণ করতে পারে। কিন্তু যখন আমরা কোনো পরিমাপ করি, তখন সেই সম্ভাবনাগুলোর মধ্যে একটি নির্দিষ্ট ফলাফল প্রকাশ পায়। এই প্রক্রিয়াকে এক ধরনের projection বলা যায়। আমরা একসঙ্গে সব সম্ভাবনা দেখতে পারি না; প্রকৃতি একটি নির্দিষ্ট অবস্থাকে বেছে নেয়। এখান থেকেই অনিশ্চয়তার নীতি জন্ম নেয়, যা বলে যে একটি কণার অবস্থান এবং ভরবেগ একসঙ্গে নিখুঁতভাবে জানা সম্ভব নয়। এই সীমা প্রকৃতির আরেকটি মৌলিক বৈশিষ্ট্য।

মানুষের প্রবণতা অবশ্য ভিন্ন। তারা প্রায়ই সীমা অতিক্রম করতে চায়। নতুন শক্তি, নতুন প্রযুক্তি এবং অজানা জগতের প্রতি আকর্ষণ মানুষকে সীমার বাইরে যেতে উৎসাহিত করে। এই আকাক্সক্ষা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির অনেক উন্নতি ঘটেছে। তবে একই সঙ্গে ইতিহাস দেখিয়েছে যে, সীমা অতিক্রমের চেষ্টায় বিপর্যয়ও ঘটতে পারে। যখন শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা সৃজনশীলতার পরিবর্তে ধ্বংস ডেকে আনে। এই বাস্তবতা মানুষকে একটি গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা দেয়। প্রকৃতির শক্তি ব্যবহার করতে হলে, তার সীমাকে সম্মান করতে হবে। প্রযুক্তির অগ্রগতি তখনই মানবতার জন্য কল্যাণকর হয়, যখন তা প্রকৃতির ভারসাম্য নষ্ট না করে বরং সেই ভারসাম্যের সঙ্গে সমন্বয় তৈরি করে। এখানে একটি গভীর দার্শনিক উপলব্ধি পাওয়া যায়। সীমা মানা মানে স্বাধীনতা হারানো নয়, বরং এটি স্থিতিশীল স্বাধীনতার ভিত্তি। একটি সংগীতের তাল যেমন নির্দিষ্ট মাত্রার মধ্যে সুন্দর হয়, তেমনি প্রকৃতির শক্তিও সীমার মধ্যে থাকলে সৃজনশীল এবং কার্যকর হয়। সীমা অতিক্রম করলে সেই তাল ভেঙে যায়। এই দৃষ্টিকোণ থেকে মহাবিশ্বের সীমা নিয়ে নতুনভাবে ভাবা যায়।

মহাবিশ্ব হয়তো স্থানিকভাবে সীমাহীন, কিন্তু তার ভেতরের নিয়মগুলো অত্যন্ত সুসংগঠিত এবং সীমাবদ্ধ। শক্তি, গতি, causality এবং তথ্য সবই নির্দিষ্ট কাঠামোর মধ্যে পরিচালিত হয়। এই সীমাগুলোই গ্যালাক্সি, নক্ষত্র এবং গ্রহের মতো স্থায়ী কাঠামো তৈরি করতে সাহায্য করে। সবশেষে বলা যায়, মহাবিশ্বের প্রকৃত রহস্য লুকিয়ে আছে অসীমতা এবং সীমার সমন্বয়ে। প্রকৃতি অসীম বিস্তারের সম্ভাবনা রাখে, কিন্তু সেই বিস্তারকে স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সীমা নির্ধারণ করে। এই সীমার মধ্যেই সৃষ্টি, স্থিতি এবং পরিবর্তনের চক্র চলতে থাকে। অতএব, মহাবিশ্বের সত্যিকারের সৌন্দর্য এই যে এটি একসঙ্গে অসীম এবং সীমাবদ্ধস্থান প্রসারিত করতে পারে, কিন্তু তার নিয়ম এবং শক্তির ব্যবহার সুশৃঙ্খল সীমার মধ্যে থাকে। এই ভারসাম্যই মহাবিশ্বকে স্থিতিশীল রাখে এবং আমাদের অস্তিত্বকে সম্ভব করে তোলে।

লেখক :  গবেষক ও লেখক

zia.rahman14@yahoo.com