খুলনায় পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমি (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনে তল্লাশি চালিয়ে পিস্তল-গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা সদর উপজেলার চালতেতলার বাটকেখালি গ্রামের আব্দুল করিমের স্ত্রী। তার বাবার নাম আশরাফ উদ্দিন। নগরীর লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান বিদেশি পিস্তল-গুলিসহ সুরাইয়া পারভীন সুমিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা থেকে ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের মহানগরীর লবণচরা থানার নিজখামার এলাকায় চেকপোস্ট বসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা। সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সুরাইয়া পারভীন সুমি নামে এক মহিলা যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি রিভলবার, ৩টি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি।
কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, এই অস্ত্র ও গুলি সাতক্ষীরা থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। অস্ত্রসহ আটক হওয়া সুমির নামে এর আগেও মাদক মামলা রয়েছে।