স্কোয়াডের ৯জন নিয়মিত খেলোয়াড় নেই, টানা দুই ম্যাচে হারের ক্ষত, আর প্রতিপক্ষের মাঠে উপচেপড়া চাপ সব প্রতিকূলতা জয় করে আরও একবার নিজেদের ‘ডিএনএ’ প্রমাণ করল রিয়াল মাদ্রিদ। শুক্রবার রাতে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ফেদেরিকো ভালভার্দের যোগ করা সময়ের নাটকীয় গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে আলভারো আরবেলোয়ার শিষ্যরা। এই জয়ের ফলে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ১-এ নামিয়ে আনল মাদ্রিদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলভারো আরবেলোয়া বলেন, ‘লা লিগা এখনো অনেক পথ বাকি। আজকের ব্যক্তিত্ব এবং চরিত্র আমাদের পরবর্তী ম্যাচগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’ আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬-র ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে হবে আরবেলোয়ার দলকে।