চোট কাটিয়ে মাঠে ফিরলেন হামজা চৌধুরী

ইনজুরি কাটিয়ে প্রত্যাশার চেয়েও দ্রুত মাঠে ফিরলেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। শনিবার রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে ইপসুইচ টাউনের বিপক্ষে লেস্টার সিটির হয়ে মাঠে নেমে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন ২৮ বছর বয়সী এই তারকা।

ইপসুইচ টাউনের মাঠ পোর্টম্যান রোডে অনুষ্ঠিত এই ম্যাচে লেস্টার সিটি ১-১ গোলে ড্র করে। ম্যাচের ৮২তম মিনিটে রিকার্ডো পেরেইরার স্থলাভিষিক্ত হয়ে মাঠে নামেন হামজা। যদিও অল্প সময়ের উপস্থিতিতে খুব বেশি প্রভাব বিস্তারের সুযোগ পাননি তিনি, তবুও তার এই প্রত্যাবর্তন বাংলাদেশ জাতীয় দলের জন্য বড় একটি সুসংবাদ।

গত জানুয়ারির শেষের দিকে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে হাঁটুতে চোট পেয়েছিলেন হামজা। প্রাথমিক ধারণা করা হয়েছিল, তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ। তবে দ্রুত সেরে উঠে তিনি কোচ ও সমর্থকদের দুশ্চিন্তা দূর করলেন।

হামজার এই ফিটনেস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই লড়াইয়ের প্রস্তুতি হিসেবে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

মাঝমাঠের শক্তিমত্তা বাড়াতে এবং সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের লক্ষ্যে হামজা চৌধুরীর উপস্থিতি বাংলাদেশ দলের জন্য তুরুপের তাস হতে পারে।