তেল কিনতে গিয়ে বিতন্ডা, পাম্পকর্মীদের মারধরে তরুণ নিহত

ঝিনাইদহে জ্বালানি তেল নিতে গিয়ে মারধরের শিকার হয়ে এক তরুণ নিহত হয়েছেন। ফিলিং স্টেশনের কর্মচারীদের মারধরে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত নিরব আহমেদ (২২) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় আলিনুর বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাতে দুই বন্ধুসহ মোটরসাইকেলে তেল নিতে যান নিরব। কিন্তু ফিলিং স্টেশনের বিক্রয়কর্মীরা তাকে তেল দেননি। কিছুক্ষণ পরেই স্টেশনের কর্মীরা বোতলে তেল ভরছিলেন। সেটা দেখে তিনি জানতে চান কেন বোতলে তেল ভরা হচ্ছে, আর তাকে কেন তেল দেওয়া হয়নি। এ নিয়ে ফিলিং স্টেশনের বিক্রয়কর্মীদের সঙ্গে তার বাগবিত-া হয়। একপর্যায়ে বিক্রয়কর্মীরা তাকে বাঁশের লাঠি দিয়ে মারধর শুরু করেন। পরে বন্ধুরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ঝিনাইদহ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সব্যসাচী পাল সুমন সাংবাদিকদের বলেন, মুমূর্ষু অবস্থায় নিরব নামের এক রোগীকে হাসপাতালে আনা হয়। তার কাঁধ ও মাথার পেছনে ফোলা জখম ছিল। রাত ৯টা ৫ মিনিটে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আলম সাংবাদিকদের বলেন, নিহত নিরব মোটরসাইকেলের তেল কিনতে তাজ ফিলিং স্টেশনে আসেন। এ সময় পাম্পের কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তিনি অন্য পাম্পে যান। ফেরার সময় ফের ওই পাম্পে যান। এ সময় তাদের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে কর্মচারীদের লাঠির আঘাতে আহত হন।

পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান বলেন, আন্দোলনের সময় নিরব প্রথম সারিতে সক্রিয় ছিলেন। তিনি শহরের আদর্শপাড়ার বকুলতলা এলাকার একটি মেসে থাকতেন।