চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- পাইন্দং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নজরুল ইসলাম (৩৫), সহ–সাংগঠনিক সম্পাদক আবুল বশর (৩৬), ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ (২৫), ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য করিম (১৯), আকিব (১৯), নাহিন (২০), ইলিয়াস (৪৪) ও নজরুল (৪০)। তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, অবৈধভাবে মাটি কাটার বিষয় নিয়ে সমঝোতার জন্য ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে একটি বৈঠক হয়। বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।
এ ব্যাপারে ছাত্রদল নেতা রিয়াদ অভিযোগ করেন, সমঝোতা বৈঠকের কথা বলে তাদের ডেকে এনে হকিস্টিক দিয়ে হামলা করা হয়। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন।
তবে এ ঘটনায় বিএনপির অপর পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।