‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকালে শহরের কেন্দ্রীয় গোরস্থানের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ওয়েলফেয়ার এফোর্টসের (উই) আয়োজনে এই স্থান থেকে একটি রিকশা শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের হামদহ মোড় ঘুরে, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ট হয়ে পায়রা চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মী, নারী উদ্যোক্তাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা এসময় নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারীদের অধিকার রক্ষায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সুশীল সমাজের প্রতিনিধি এন এম শাহজালাল, অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশের (এডাব) সভাপতি এনামুল কবির বাবলু, ওয়েলফেয়ার এফোর্টসের পরিচালক শরিফা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।