ঝিনাইদহে তেল পাম্পে কর্মচারীদের পিটুনিতে যুবক নিরব হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে নিহতের বাবা ইউনুস আলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার বারইখালী গ্রামের নাসির উদ্দিন, আড়ুয়াকান্দি গ্রামের রবিজুল ইসলাম ও কাস্টসাগরা গ্রামের দাউদ হোসেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফীন জানান, যুবক নিহত হওয়ার শনিবার রাতেই নিহতের বাবা আলিমুর বিশ্বাস বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।
শনিবার (৭ মার্চ) রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে বোতলে তেল কিনতে যান কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের যুবক নিরব হোসেন। এ সময় পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করেন। যুবক নিরব হোসেন কিছুক্ষণ পরে আবারও তাজ ফিলিং স্টেশনে যান। এ সময় অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিতে দেখে প্রতিবাদ করেন ওই যুবক। এরপর পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য। রাতে তার মৃত্যুর খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আরাপপুরে একটি ফিলিং স্টেশন ভাঙচুর ও কেন্দ্রীয় বাস টার্মিনালে তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়।