বিশ্বকাপ ফাইনালের আগে মেসির গায়ে ভারতের জার্সি

কিছুদিন আগেই ভারত থেকে ঘুরে গেছেন লিওনেল মেসি। সেই সফরকে কেন্দ্র করে কলকাতায় তুলকালাম হয়ে গিয়েছিল। আজ রবিবারে টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। সেই ফাইনালের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির একটি ছবি। ছবিতে তাকে দেখা যায় ভারতের ক্রিকেট দলের নীল জার্সি পরে।

দিন দুয়েক আগে ছবিটি প্রকাশ করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের ভারতীয় শাখা। পোস্টটি প্রকাশের পর দ্রুতই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্রিকেট ও ফুটবল দুই মহলেই ব্যাপক সাড়া ফেলে। ছবিতে ভারতের আইকনিক নীল জার্সি পরে হাসিমুখে পোজ দিতে দেখা যায় মেসিকে। অনেক ভক্তই এটিকে ক্রিকেট ও ফুটবলের এক অনন্য মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

গত বছর ভারতে মেসি বেশ কয়েকটি শহর সফর করেন এবং ভক্তদের সঙ্গে বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নেন। সেই সফরের শেষ পর্বে নতুন দিল্লিতে তাকে উপহার দেওয়া হয় ভারতের ক্রিকেট দলের জার্সি ও একটি ক্রিকেট ব্যাট। ওই অনুষ্ঠানে ভারতের ক্রিকেটার কুলদীপ যাদবসহ কয়েকজন অলিম্পিক ও প্যারালিম্পিক তারকার সঙ্গেও দেখা করেন মেসি। মেসির গায়ে ভারতের ক্রিকেট জার্সি ক্রিকেটের বৈশ্বিক জনপ্রিয়তার এক প্রতীক হিসেবেই দেখছেন অনেকে।