দেশের শিল্প খাতের শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে চট্টগ্রাম কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) যাত্রা শুরু করল আপন বাজার। রবিবার (৮ মার্চ) কেইপিজেডের প্রতিষ্ঠানটির ৫৪তম বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক।
এই আউটলেটে শ্রমিকদের জন্য একটি সমন্বিত সেবা মডেল চালু করা হয়েছে। এর আওতায় শ্রমিকেরা দৈনন্দিন মুদি পণ্যে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত সরাসরি ছাড় পাবেন। এ ছাড়া আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এখানে থাকছে বিনা সুদে বাকিতে কেনাকাটা, সহজ শর্তে ‘পে-ডে লোন’ বা স্বল্পমেয়াদি ঋণ এবং প্রয়োজনীয় গৃহস্থালি পণ্যের ওপর কিস্তি সুবিধা।
আপন বাজারের ‘সুরক্ষিত থাকুন’ কর্মসূচির আওতায় নিবন্ধিত শ্রমিকেরা পাবেন বিনামূল্যে স্বাস্থ্যবীমার সুবিধা। এর ফলে হঠাৎ কোনো গুরুতর অসুস্থতা বা দুর্ঘটনার ক্ষেত্রে শ্রমিক পরিবারগুলো বড় ধরনের আর্থিক ঝুঁকি থেকে সুরক্ষা পাবে।
আপন বাজারের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়াসির আরাফাত বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য নিয়ে আপনের যাত্রা শুরু হয়। সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার পাশাপাশি এখন থেকে বিনামূল্যে স্বাস্থ্যবীমা ও ঋণ সুবিধা পাবেন কেপিজেডের শ্রমিকেরা।পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও এই কমিউনিটি শপগুলো সম্প্রসারণের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেইপিজেড ও আপন বাজারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইপিজেডভুক্ত বিভিন্ন কারখানার প্রতিনিধিরা।
২০১৭ সালে শ্রমিকদের জন্য ক্ষুদ্র পরিসরে সুলভ মূল্যের দোকান দিয়ে আপন বাজারের যে যাত্রার সূচনা হয়েছিল, কেইপিজেড-এ এই বিশাল আউটলেটটি চালুর মাধ্যমে তা এক নতুন মাইলফলক স্পর্শ করল। ফলে ইপিজেডের ভেতরে কর্মরত প্রায় ৮০ হাজার শ্রমিক এখন থেকে হাতের কাছেই সাশ্রয়ী মূল্যে বাজার করার পাশাপাশি বিভিন্ন আর্থিক সেবা গ্রহণের সুযোগ পাবেন। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা)-এর এই উদ্যোগ শিল্পাঞ্চলের ভেতরে শ্রমিক কল্যাণ ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে একটি দূরদর্শী পদক্ষেপ।