বিশ্ব নারী দিবসে বৈষম্যমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি 

বৈষম্যমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে ‘অপরাজেয় তারুণ্য’-ইউওয়াইপি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এই দাবি জানায় সংগঠনটি। রবিবার (৮মার্চ) রাজধানীর বাংলামটরে নিজ কার্যালয়ে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’  স্লোগানে এ দিবস পালন করা হয়। সেমিনারে আলোচনা সভায় বক্তারা নারীর মানবাধিকার সুরক্ষায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বৃদ্ধি করাসহ বৈষম্যমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপরও জোর দেন। অপরাজেয় তারুণ্যের ম্যানেজার মোহাম্মদ আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক তাসনিম নওশিন ফারিহা। প্যানেল আলোচনায় তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আলোচনা সভায় তাসনিম নওশিন ফারিহা বলেন, বর্তমানে দেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অঙ্গনে নারীর অবস্থান থাকলেও তার সংখ্যা একেবারেই কম। শিক্ষাঙ্গনে কিশোরীরা বেশি নির্যাতনের শিকার হচ্ছে। তিনি বলেন, নারী হয়ে জন্ম নেওয়ার কারণেই মেয়ে শিশু, কিশোরী, তরুণী, এমনকি বয়স্ক নারীরাও যৌন হয়রানিসহ বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে। ঘরে-বাইরে, শিক্ষাঙ্গন, কর্মক্ষেত্র এমনকি যানবাহন কোথাও তাদের নিরাপত্তা নেই। একমাত্র অনুকূল পরিবেশ সৃষ্টি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিই একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সহযোগিতা করবে।

নারী দিবসের আলোচনায় আরও অংশ নেন জেন্ডার এক্সপার্ট তাজকেরা খায়ের, ইউওয়াইপির সিনিয়র প্রোগ্রাম অফিসার আকতানিন খায়ের তানিন প্রমুখ। প্যানেল আলোচনায় বিভিন্ন প্রশ্ন এবং মতামত তুলে ধরেন ইউওয়াইপি ঢাকা সেন্টারের মেন্টর ছায়েদুল হক নিশান, কড়াইল কমিউনিটির আহসান হাবিব, লিজা আক্তার ও মিরনজিল্লার রাগিনী রাণী। সেমিনারের আগে বাংলামোটরে ব্যানার-ফেস্টুন টানিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়।