কুমিল্লায় অস্বাস্থ্যকর ইফতারি বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা মহানগরের বিভিন্ন ইফতারি বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৮ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত নগরের বাদুরতলা, কান্দিরপাড় ও লাকসাম রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, অভিযানের সময় ইফতারি সামগ্রী খোলা অবস্থায় রাখা হচ্ছে কি না এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে কি না-এসব বিষয় মনিটরিং করা হয়। এ সময় বাদুরতলা ও লাকসাম রোড এলাকার কয়েকটি দোকানে খোলা অবস্থায় ইফতারি রাখা এবং পোড়া ও খাবারের অনুপযুক্ত তেল ব্যবহার করে পেঁয়াজু, বেগুনি, চপসহ বিভিন্ন ভাজাপোড়া তৈরির প্রমাণ পাওয়া যায়।

পরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ঘটনাস্থলেই বিশেষ কিটের মাধ্যমে ওই তেল পরীক্ষা করা হয়। পরীক্ষায় তেলটি ব্যবহারের অনুপযুক্ত বলে প্রমাণিত হয়।

এ অভিযোগে নারায়ণগঞ্জ সুইট মিট, রুচি বিলাস রেস্টুরেন্ট ও এম এন হোটেলকে সতর্ক করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মানহীন পোড়া তেল জব্দ করে তা ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে ভোক্তা সচেতনতা বাড়াতে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে লিফলেটও বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া, স্যাম্পল কালেক্টর মো. সাকিব এবং জেলা পুলিশের একটি দল অংশ নেয়।