‘দুর্যোগ প্রস্তুতিতে নারীর সক্রিয় ভূমিকা জরুরি’

দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় এবং দুর্যোগপ্রবণ চট্টগ্রামে নারীদের কেবল ভুক্তভোগী নয়, সাহসী স্বেচ্ছাসেবক ও সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে এগিয়ে আসতে হবে।

রবিবার (৮মার্চ) হোটেল আগ্রাবাদের কনফারেন্স কক্ষে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও দুর্যোগ মোকাবেলায় নারীদের সাহসী ভূমিকার স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আরিফুর রহমান, বিচিত্রা সেন, ডা. বাসনা মুহুরী এবং সাংবাদিক ভূঁইয়া নজরুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসার ম্যানেজার সানজিদা আক্তার। 

প্যানেল আলোচনায় বক্তারা বলেন, দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং পুনরুদ্ধার কার্যক্রমে নারী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিউনিটি পর্যায়ে প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং সংগঠিত অংশগ্রহণের মাধ্যমে নারীরা দুর্যোগ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারেন। বক্তারা আরো উল্লেখ করেন, নারী উদ্যোক্তা সৃষ্টি ও অর্থনৈতিক স্বনির্ভরতার মাধ্যমে নারীদের সক্ষমতা বাড়ানো, প্রান্তিক নারীদের ক্ষমতায়নে উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জোরদার করা এবং দুর্যোগে ঝুঁকিপূর্ণ নারীদের বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন।

অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় সাহসী ও সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ ৭০ জন নারী স্বেচ্ছাসেবক ও ক্ষুদ্র উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ আতাউল হাকিম।