বুম-বুম বুমরা ম্যাজিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেরই

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেরই। আহমেদাবাদের একতরফা ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বার এই ফরম্যাটের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল। ২০২৪ সালে দ্বিতীয় বার জেতা শিরোপা এবার অক্ষুন্ন রাখলো, যা আর কোনো দেশ পারেনি। 

আগে ব্যাট করে ভারত ৫ উইকেটে ২৫৫ তোলার পর অনেকেই ধরে নিয়েছিলেন, এই শিরোপাও ভারতের। একটু দ্বিধা ছিল কারণ নিউজিল্যান্ড টপ অর্ডার বিস্ফোরক। কিন্তু ফাইনালের চাপেই সম্ভবত হুড়মুড় করে ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং।

তৃতীয় ওভারে ফিন অ্যালেন আউট হওয়ার পর থেকেই মূলত জয়ের পথ থেকে ছিটকে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৫২/৩। ১০ ওভার শেষে দাড়ায় ৫ উইকেটে ৮৮। এরপর আসলে এই ম্যাচে আর কিছু ছিল না। ওপেনার টিম সাইফার্ট করেন ২৬ বলে ৫২। স্যান্টনার করেন ৪৩ রান। বুমরা ৪ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা।

ম্যাচসেরার পুরস্কার হাতে বুমরা বলেন, ‘নিজেকে বিশেষ কিছু মনে হচ্ছে। কারণ এর আগে ঘরের মাঠে একটি ফাইনাল খেলে জিততে পারিনি। আজ জিতলাম। উইকেট ফ্লাট ছিল, নিজের সব অভিজ্ঞতা ঢেলে দিয়েছি।’

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, ঈশান ৫৪, অভিষেক ৫২, শিবম ২৬*, পান্ডিয়া ১৮; নিশাম ৩/৪৬, রবীন্দ্র ১/৩২, হেনরি ১/৪৯)।

নিউজিল্যান্ড: ১৯ ওভারে ১৫৯ (সাইফার্ট ৫২, স্যান্টনার ৪৩, মিচেল ১৭; বুমরা ৪/১৫, অক্ষর ৩/২৭, পান্ডিয়া ১/৩৬)।

ফল: ভারত ৯৬ রানে জয়ী।

ম্যাচসেরা: জাসপ্রিত বুমরা।

সিরিজসেরা: সঞ্জু স্যামসন।