স্মার্টফোন ব্যবহারে দাঁত ক্ষয়  

দিন-রাত স্মার্টফোন ব্যবহার, ক্ষতি করছে দাঁতের। এমনটাই বলছে গবেষণা। আমেরিকার ‘এ কে ডেন্টাল’ ক্লিনিকের এক রিপোর্টে বলা হয়েছে, স্মার্টফোন ব্যবহারের সময় লালা নিঃসরণ কমে যেতে পারে। এর ফলে মুখ শুকিয়ে যায় ও ক্যাভিটি এবং মাড়ির  রোগের প্রকোপ বহুগুণ বাড়ে। জানা যাচ্ছে, যারা দিন-রাত মোবাইলে ডুবে থাকেন, তারা ঘুমের মধ্যে দাঁতে দাঁত ঘষেন। এতে দাঁতের এনামেল দ্রুত ক্ষয় হয়। গবেষণা বলছে, মাথা নিচু করে মোবাইল স্ক্রল করার সময় ঘাড়ের ওপর প্রায় ২৭ কেজি ওজনের চাপ পড়ে। এর ফলে চোয়াল স্বাভাবিক অবস্থান থেকে সরে যায়। এ ছাড়া ফোন ব্যবহারে শরীরে কমে মেলাটোনিন হরমোন, যা একাধিক রোগের কারণ। এই সমস্যা থেকে বাঁচতে ফোন ব্যবহার কমানো দরকার। যখন ব্যবহার করবেন, চেষ্টা করুন চোখের সোজাসুজি রাখতে। যাতে কোনোভাবেই ঘাড়ে চাপ না পড়ে। কাজের জন্য হলেও একটানা দীর্ঘসময় ফোন ঘাটবেন না। নির্দিষ্ট সময় অন্তর অন্তর পানি খেতে হবে। যদিও স্ক্রিনের নীল আলো সরাসরি দাঁত নষ্ট করে না, তবে এর ফলে ঘুমের ব্যাঘাত ঘটে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সুতরাং বেশিক্ষণ স্মার্টফোন ব্যবহার না করাই ভালো। যদি সমস্যা হয়, তাহলে দ্রুত দন্ত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।