ইইউর বিরুদ্ধে রাশিয়ার মামলা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সামরিক অভিযানের জেরে অনির্দিষ্টকালের জন্য সম্পদ অবরুদ্ধ করে রাখার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের জেনারেল কোর্টে এ মামলা করা হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ইউরোপীয় কাউন্সিল যে বিধিমালা জারি করেছে, সেই সিদ্ধান্তকেই আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের দাবি আন্তর্জাতিক আইনে বিচার পাওয়ার মৌলিক ও অখণ্ড অধিকার, সম্পত্তির অখণ্ডতা এবং রাষ্ট্র ও কেন্দ্রীয় ব্যাংকের সার্বভৌম দায়মুক্তি নিশ্চিত করা হলেও ইউরোপীয় কাউন্সিলের বিধিমালায় তা লঙ্ঘন করা হয়েছে। ইইউ সদস্য রাষ্ট্রগুলো গত ডিসেম্বরে প্রায় ২৪৬ বিলিয়ন ডলার মূল্যমানের রুশ রাষ্ট্রীয় সম্পদ অবরুদ্ধের আদেশের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর ওই সম্পদগুলো ইউরোপীয় ইউনিয়ন অবরুদ্ধে করে। ইইউর পরিকল্পনা হলো, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং ইউক্রেনকে রাশিয়া ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত এ সম্পদগুলো অবরুদ্ধ রাখা হবে। ওই অর্থের বড় অংশ আটকে আছে ইউরোক্লিয়ার নামের একটি আর্থিক প্রতিষ্ঠানে। তবে ইউক্রেনকে সহায়তার জন্য এ তহবিল ব্যবহার করে ঋণ দেওয়ার চেষ্টার বিরোধিতা করে আসছে বেলজিয়াম সরকার।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের এ মামলা যদিও তুলনামূলকভাবে ছোট একটি বিষয় নিয়ে, তবুও এর ফলে ইউক্রেন যুদ্ধে ক্রেমলিনকে সহায়তার জন্য নেওয়া রুশ অর্থনৈতিক পদক্ষেপগুলো নিয়ে কেন্দ্রীয় ব্যাংককে প্রশ্ন ও নজরদারির মুখে পড়তে হতে পারে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ইউরোপীয় কাউন্সিলের ওই বিধিমালার কারণে তাদের সম্পদ স্থানান্তরের সুযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে এবং এসব সম্পদ নিয়ে নিজেদের অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগও তারা পাচ্ছে না। এমনকি এসব সম্পদের সঙ্গে সম্পর্কিত কোনো আদালতের রায় বা সালিশি সিদ্ধান্ত কার্যকর করাও সম্ভব হচ্ছে না। মস্কোর দাবি, ইউরোপীয় কাউন্সিল সর্বসম্মত সিদ্ধান্তের পরিবর্তে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ বিধিমালা পাস করে ইইউর প্রক্রিয়াগত নিয়মের ‘গুরুতর লঙ্ঘন’ করেছে। ব্লুমবার্গ লিখেছে, ইউরোপীয় কমিশন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের এই মামলার বিষয়ে অবগত রয়েছে বলে জানিয়েছেন কমিশনের মুখপাত্র বালাজ উজভারি। তিনি বলেন, এ বিধিমালা যে ইইউর আইন ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সে বিষয়ে আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী। ইইউ এই বিধিমালা প্রকাশ করার কিছুদিন পরই রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হুমকি দিয়েছিল, যদি জব্দ করা সম্পদ ইউক্রেনকে সহায়তা করতে ব্যবহার করা হয়, তাহলে ইউরোপীয় দেশগুলোর স্থানীয় আদালতে ক্ষতিপূরণ দাবি করবে তারা। গত ডিসেম্বরে মস্কোর একটি আদালতে ১৮ দশমিক ২ ট্রিলিয়ন রুবল (২৩৫ বিলিয়ন ডলার) দাবি করে ইউরোক্লিয়ারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে, ইউক্রেন জুড়ে গত শনিবার রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে একটি পাঁচতলা আবাসিক ভবনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ২ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া অন্তত ৪৮০টি ড্রোন এবং ২৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল দেশটির বিদ্যুৎ খাত এবং রেল যোগাযোগ অবকাঠামো। খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানান, শহরের একটি পাঁচতলা আবাসিক ভবনে সরাসরি রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ প্রাণহানির ঘটনা ঘটে।