লেবাননে ২ ইসরায়েলি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে সম্মুখ যুদ্ধে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে ইসরায়েলের সামরিক বাহিনীর আরও এক কর্মকর্তা আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত সোমবার থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তারা বলছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। হিজবুল্লাহও মাঝে মাঝে ইসরায়েলে রকেট ছুড়ে হামলা চালাচ্ছে। এবার ইসরায়েল-হিজবুল্লাহ লড়াই শুরু হওয়ার পর এই প্রথম ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল। গতকাল রবিবার ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৩৮ বছর বয়সী সার্জেন্ট মাহের খাত্তার নিহত হয়েছেন। তিনি ৯১তম ডিভিশনে কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্য ছিলেন। দ্বিতীয় নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে। কিন্তু তার নাম এখনো প্রকাশ করা হয়নি। দক্ষিণ লেবাননের এ ঘটনার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যম সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রাতে দক্ষিণ লেবাননের একটি স্থানে বিকল হয়ে পড়া একটি যানবাহন উদ্ধার করতে গিয়ে ইসরায়েলি সেনারা অভিযান চালাচ্ছিল। সেই সময় তাদের লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রের ধরন নিয়ে এখনো তদন্ত চলছে। ঘটনার পরপরই ইসরায়েলি বিমানবাহিনী ওই এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়।

এদিকে ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৩৯৪ জনে দাঁড়িয়েছে; নিহতদের মধ্যে ৮৩ শিশু। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এই হালনাগাদ তথ্য জানিয়েছে। হামলায় আহত হয়েছে অন্তত ১,১৩০ জন।