কুমিল্লায় সন্দেহজনক বোমা উদ্ধার, ককটেল বিস্ফোরণে মামলা

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দির এলাকা থেকে উদ্ধার হওয়া একটি সন্দেহজনক বোমা নিরাপদে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

রবিবার (৮ মার্চ) রাত ১১টার দিকে নগরীর লালমাই পাহাড় এলাকায় পুলিশের ফায়ারিং স্কোয়াড মাঠে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি ধ্বংস করা হয়।

পুলিশ জানায়, এর আগে শনিবার রাতে নগরীর বাগানবাড়ি এলাকায় মন্দির ও মসজিদের সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তীসহ তিনজন আহত হন।

ঘটনার সময় দুর্বৃত্তরা একটি ব্যাগ ফেলে রেখে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাগটি উদ্ধার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সংরক্ষণ করেন।

রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি পরীক্ষা করে সেটিকে লালমাই পাহাড় এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। 

এ ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, উদ্ধার হওয়া ব্যাগে একটি ককটেল বোমা ছিল। ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিরাপদে নিষ্ক্রিয় করেছে।