নারায়ণগঞ্জের আড়াইহাজার পরিত্যক্ত ব্যাগ থেকে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। রবিবার (৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়াপাড়া এলাকা থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, রাত্রীকালীন টহল ডিউটির সময় গোপন খবর পেয়ে আড়াইহাজার থানার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের বাড়ির উত্তর পাশে একটি কলাবাগানে অভিযান চালানো হয়। সেখানে একটি সন্দেহজনক লম্বা আকৃতির ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।র
এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।