সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুরের মোশারফ হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আট বছর ধরে প্রবাসে থেকে পরিবারকে স্বচ্ছল করার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু হঠাৎ সেই স্বপ্ন থেমে যাওয়ায় স্তব্ধ পরিবার।
নিহত মোশারফ হোসেন (৪০) উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মোহাম্মদ সূর্যত আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক।
পরিবার জানায়, অভাবের সংসারটাকে স্বচ্ছ করার স্বপ্ন নিয়ে আট বছর পূর্বে সৌদি আরবে পাড়ি দেন মোশারফ হোসেন। আল খারিজ শহরের পাশের একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। সম্প্রতি সেখানে কর্মরত অবস্থায় ইরানের মিসাইল হামলায় তিনি নিহত হন। তার দুই ছেলে-বড় ছেলে মাহিম স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ও ছোট ছেলে মিহান প্রথম শ্রেণিতে পড়ে। তিন বছর আগে মাত্র তিন মাসের জন্য ছুটিতে দেশে এসে ছুটি কাটিয়ে গেছেন।
পরিবারের সদস্যরা বলেন, ঘটনার আগের রাতেও স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল তার। তিনি বলেছিলেন ঈদ উপলক্ষে টাকা পাঠাবেন এবং ছেলেদের জন্য কিছু কিনবেন। কিন্তু সেই কথাই হয়ে যায় শেষ কথা। রাত প্রায় তিনটার দিকে পরিবারের কাছে আসে মৃত্যুর খবর। খবরটি শোনার পর থেকেই ভেঙে পড়েছে পুরো পরিবার। মা জহুরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা।