পূর্ব আফ্রিকার কেনিয়াতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি হিসাবে, সাম্প্রতিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের খুঁজতে সেনাবাহিনীসহ জরুরি উদ্ধারকারী দল দেশজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে।
গত শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে রাজধানী নাইরোবি সহ দেশের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। বৃষ্টির তোড়ে সড়ক ডুবে যাওয়ায় অনেক মানুষ পানিতে ভেসে যায় এবং অসংখ্য যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। বন্যার কারণে দেশের প্রধান বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে।
উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত পানির স্রোতে ভেসে যাওয়া অন্তত ১৭২টি যানবাহন উদ্ধার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জনসেবা মন্ত্রী জফ্রি কিরিংগা রুকু বলেছেন, ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধারে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বিশেষ টিম কাজ করছে।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জাতীয় মজুদ থেকে জরুরি খাদ্য সহায়তা বিতরণের নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসন কাজ করছে।
বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে পূর্ব আফ্রিকায় বৃষ্টিপাতের ধরনে বড় পরিবর্তন এসেছে। স্বল্প সময়ে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টি হওয়ায় বন্যার ঝুঁকিও আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।