বিএনপিকে ধন্যবাদ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির এক নেতার বিরুদ্ধে করা মামলার জেরে দলটির পক্ষ থেকে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে নিজের বক্তব্য প্রত্যাহারের কথাও জানিয়েছেন তিনি।

রবিবার (৮ মার্চ)  নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে বিএনপিকে ধন্যবাদ জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

পোস্টে তিনি লেখেন, ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে রবিবার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রমনা থানা শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম। তবে একই দিনে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি।