নারায়ণগঞ্জে পুলিশের এএসআই ছিনতাইয়ের শিকার, পিস্তল লুট

নারায়ণগঞ্জ শহরে এবার ছিনতাইয়ের শিকার হয়েছেন সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান। 

সোমবার (৯ মার্চ) ভোর পৌনে ছয়টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা তার মটরসাইকেলে এলোপাথারি কুপিয়ে সরকারি পিস্তলটিও লুট করে নিয়ে যায়।

জানা যায়, লুৎফর রহমান নামে ওই পুলিশ কর্মকর্তা অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিমের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।