চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদিফকিরহাট জিসি-সাহেরখালী ভূঁইয়ার হাট সড়কের উন্নয়ন কাজের শুরু হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে এ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির অংশ। স্থানীয় জনগণের চলাচল সহজ করতে এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে এই সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজটি সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দারা ব্যাপকভাবে উপকৃত হবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া ১৫নম্বর ওয়াহেদপুর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে নুরুল আমিন বলেন, ছাত্র সমাজ, যুবসমাজ মাদক, সন্ত্রাস নির্মূলে দায়িত্ব নেন। আমি সর্বোচ্চ সহযোগিতার হাত আপনাদের দিকে বাড়িয়ে দিব।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. দিদারুল আলম, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলুসহ ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।