বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ দোকান পুড়ে ছাই

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ ব্যবসায়ীর সর্বস্ব ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীসহ ৪ জন আহত হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১১টায় হঠাৎ করেই বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারের ঘর গুলোতে আগুনের সূত্রপাত ঘটে। এতে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- সজিরুদ্দীনের পাটের ঘর, আব্দুস সালামের পাটের ঘর, মহিদুল ইসলামের সাইকেল পাটর্স, মিলন শিকদারের পাটের ঘর, মাছেম মণ্ডলের ভুসিমালের ঘর, তাপস সাহার ভুষিমালের, বাবলু শিকদারের কাপড়ের দোকান, জালালের কাপড়ের দোকান, সুজিতের স্বর্নের দোকান, আলামিনের লেপের দোকান, আজিজুলের গ্যাসের দোকান, আকমলের দর্জি দোকান, হাকিমের সারের দোকান, প্রভাব ঘোষের মুদি দোকান, কিশোরীর মুদি দোকান, মোরশেদের অটো পার্টসের দোকান, ইসলামের চাউলের দোকান, তৈয়ব আলীর পাটের ঘর, কৃষ্ণের পাটের ঘর, মোহাম্মদ আলীর সাইকেল পাটর্স, কৃষ্ণ সাহার কাপড়ের দোকান, তৈয়ব আলীর গুদাম।   

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যেই কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা নিমিষেই বাজারের পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। চোখের সামনে মুহূর্তের মধ্যেই ব্যবসায়ীদের স্বপ্ন ও জীবিকার অবলম্বন আগুনে ভস্মীভূত হতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে রাজবাড়ী ও বালিয়াকান্দি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আগুন লাগার পর খুব অল্প সময়ের মধ্যেই দোকানগুলো পুড়ে যায়। এতে তাদের লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে আগুন লাগলো কেউ বলতে পারছেন না।

বহরপুর বাজার বণিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বাজারে এ রকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২১জন ব্যবসায়ী কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, সামনে ঈদ। এই ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা লোন করে প্রচুর পরিমাণ গার্মেন্টস আইটেমের মাল কিনেছেন বিক্রির জন্য। কিন্তু কিভাবে আগুন লেগে সব শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যে। 

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপসহকারী পরিচালক মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা বালিয়াকান্দি ও রাজবাড়ী ইউনিটের সদস্যরা প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সঠিক সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাতে পারায় বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বাজারটি। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৩ জন ফায়ার ফাইটার আহত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ এখনো সম্ভব হয়নি। 

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, বহরপুর বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ কাজ করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে সহযোগিতা করা হবে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনো পাওয়া যায়নি। থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদারের নেতৃত্বে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।