মেসির বার্সায় ফেরা আটকেছিলেন লাপোর্তাই- জাভির বিস্ফোরক দাবি

বার্সেলোনা সমর্থকদের দীর্ঘদিনের এক আক্ষেপ—কেন লিওনেল মেসি ঘরের মাঠে ফিরে এসে ক্যারিয়ার শেষ করতে পারলেন না? এতদিন এর পেছনে লা লিগার কড়াকড়ি বা আর্থিক সীমাবদ্ধতার দোহাই দেওয়া হলেও, এবার বোমা ফাটালেন ক্লাবের সাবেক কিংবদন্তি ও কোচ জাভি হার্নান্দেজ। তার দাবি, মেসির ফেরা কোনো আর্থিক কারণে নয়, বরং ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার ব্যক্তিগত অনিচ্ছায় আটকে গিয়েছিল।

স্প্যানিশ দৈনিক লা ভাঙ্গুয়ার্দিয়া-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দীর্ঘ দুই বছরের নীরবতা ভেঙে জাভি দাবি করেছেন, লাপোর্তা ভয় পেয়েছিলেন যে মেসি ফিরলে ক্লাবে তার একচ্ছত্র আধিপত্য খর্ব হতে পারে।

২০২৩ সালে পিএসজি ছাড়ার পর মেসির বার্সায় ফেরা নিয়ে যে নাটকীয়তা তৈরি হয়েছিল, তার ভেতরের গল্প শুনিয়েছেন জাভি। তার মতে, 'বিশ্বকাপ জয়ের পরপরই ২০২৩-এর জানুয়ারিতে মেসির সঙ্গে জাভির যোগাযোগ হয়। মেসি বার্সায় ফিরতে প্রচণ্ড আগ্রহী ছিলেন। মার্চে জাভি মেসিকে কথা দেন যে ফুটবলীয় দিক থেকে সবকিছু ঠিক থাকলে তিনি নিজেই প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন। জাভির দাবি অনুযায়ী, লা লিগার পক্ষ থেকে আর্থিক ছাড়পত্র পাওয়া গিয়েছিল এবং মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনাও চূড়ান্ত পর্যায়ে ছিল।

জাভি দাবি করেন, "প্রেসিডেন্টি (লাপোর্তা) আমাকে সরাসরি বলেছিলেন—মেসি যদি ফিরে আসে, তবে সে আমার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। আমি সেটা হতে দিতে পারি না। আসলে মেসি ফিরুক এটা সভাপতিই চাননি।" জাভি আরও যোগ করেন, মাইকেল জর্ডানের মতো মেসিরও একটি 'লাস্ট ড্যান্স' বা রাজকীয় বিদায় হওয়ার কথা ছিল মঁজুইকে। কিন্তু শেষ মুহূর্তে লাপোর্তা পুরো বিষয়টি ভেস্তে দেন।

লাপোর্তার পাল্টা জবাব

জাভির এই বিস্ফোরক দাবির পর চুপ থাকেননি বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। সোমবার এক প্রতিক্রিয়ায় তিনি জাভির বক্তব্যে "বিস্মিত ও মর্মাহত" হয়েছেন বলে জানান। লাপোর্তার দাবি, "২০২৩ সালে মেসির পরিবারই আমাকে জানিয়েছিল যে বার্সেলোনার প্রচণ্ড চাপ তারা আর নিতে চাচ্ছে না। সেজন্যই তারা মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জাভি হয়তো বরখাস্ত হওয়ার ক্ষোভ থেকে এসব বলছেন।"

লাপোর্তা আরও খোঁচা দিয়ে বলেন, "জাভির সময়ে আমরা হারছিলাম, আর বর্তমান কোচ হান্সি ফ্লিকের অধীনে আমরা জিতছি। প্রেসিডেন্ট হিসেবে আমাকে কঠিন সিদ্ধান্ত নিতেই হতো।"

সাক্ষাৎকারে জাভি কেবল মেসির বিষয় নয়, তার নিজের বিদায় নিয়েও কথা বলেছেন। তিনি অভিযোগ করেছেন, লাপোর্তা আসলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন না। তার সাবেক দুলাভাই আলেজান্দ্রো ইচেভারিয়া পর্দার আড়ালে থেকে ক্লাব চালাচ্ছেন। জাভির দাবি, ইচেভারিয়ার কারণেই তাকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বার্সেলোনার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে জাভির এই মন্তব্য ক্লাবের অন্দরমহলে বড় ধরনের ঝড়ের সৃষ্টি করেছে। বর্তমানে কোনো ক্লাবের দায়িত্বে না থাকলেও জাভি জানিয়েছেন, ভবিষ্যতে তিনি কোনো জাতীয় দলের কোচ হওয়ার চ্যালেঞ্জ নিতে আগ্রহী।