যে দামে ক্রয়, সেই দামে বিক্রয় শুরু

সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) উদ্যোগে ‘যে দামে ক্রয়, সেই দামে বিক্রয়’এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে সপ্তাহব্যাপী বিনা লাভের বাজার শুরু হয়েছে।  

সোমবার (৯ মার্চ) দুপুরে এই ব্যতিক্রমধর্মী বাজারের উদ্বোধন করেন ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়ন ও মনিটরিং শাখার উপ-পরিচালক ফারিহা নিশাত। 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সংলগ্ন কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের পাশে এ বাজারে এক হালি ডিম বিক্রি করা হচ্ছে ২৮ টাকায়। এছাড়া শসা ১৬ টাকা কেজি, শিম ও আলু ১২ টাকা, পিয়াজ ও ফুলকপি ২২ টাকা, ধনিয়া পাতা ৩০ টাকা, বরবটি ৬৮ টাকা এবং বেগুন ৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

আয়োজকরা জানান, বাজার থেকে প্রত্যেক ক্রেতা এক কেজি করে সবজি এবং এক হালি ডিম ক্রয় করতে পারবেন, যাতে বেশি সংখ্যক মানুষ এই উদ্যোগের সুফল পেতে পারে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হালিম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার ও ফাইট আনটিল লাইটের নির্বাহী পরিচালক আব্দুল কাদেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।