বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় সাবেক ওসি কারাগারে

বগুড়ার শাহজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিএনপি নেতা ফজলুল হকের করা চাঁদাবাজির মামলায় সোমবার (৯ মার্চ) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আবু হেনা সিদ্দিকী এ আদেশ দেন।

গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ফজলুল হক উজ্জ্বল আদালতে এই চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।
জানা গেছে, ২০১৬ সালে বিএনপি নেতা ফজলুল হক উজ্জ্বলের কাছ থেকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগে করা মামলায় সোমবার আদালতে হাজিরা দিতে আসেন সাবেক ওসি আলমগীর হোসেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী জেলা বিএনপির সাবেক সহপ্রশিক্ষণ সম্পাদক ও শাহজাহানপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফজলুল হক উজ্জ্বল মামলার এজাহারে উল্লেখ করেন, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শাহজাহানপুর থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন তার গাড়ি ধাওয়া  দিয়ে আটক করেন। এরপর থানায় নিয়ে তাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। বাধ্য হয়ে তার স্ত্রী ও এক সহকর্মীর মাধ্যমে ওই টাকা দেওয়া হলেও তাকে একটি অজ্ঞাত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।