চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

চারটি বেসরকারি খাতের ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকে এ পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে পর্যবেক্ষকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। 

জানা গেছে, ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ বিভাগের পরিচালক মুনির আহমেদ চৌধুরী। আল-আরাফাহ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক করা হয়েছে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমানকে।

প্রিমিয়ার ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির। আর আইএফআইসি ব্যাংকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ কে এম কামরুজ্জামানকে।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ পর্যবেক্ষক নিয়োগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। তবে সাধারণত ব্যাংকগুলোর কার্যক্রম তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্যই এ ধরনের পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়।