আমিরাতে নিহত ব্যক্তির লাশ বাড়ি পৌঁছে দিলেন প্রবাসীকল্যাণমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আহমদ আলীর লাশ তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় পৌঁছে দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ সোমবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পৌঁছায় আহমদ আলীর রাশ। পরে তার লাশ বিমানের আরেকটি ফ্লাইটে নিয়ে আসা হয় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।

এখানে আহমদ আলীর লাশ গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও নিহতের স্বজনেরা। এরপর মন্ত্রী নিজেই আহমদ আলীর লাশের সঙ্গে তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকায় যান। সেখানে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে আহমদ আলীর দাফন সম্পন্ন হয়েছে। গ্রামের বাড়িতে গিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতের পরিবারকে সান্ত্বনা দেন এবং সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তার আশ্বাস দেন।

আহমদ আলী গত ২৮ ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। সেখানে তিনি পানি সরবরাহের গাড়ি চালাতেন।

সিলেট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত আহমদ আলীর লাশ গ্রহণ করার সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম প্রমুখ।