আবারও মন ভাঙল আলিয়ার

বলিউডের স্পাই দুনিয়ায় বড় চমক ‘আলফা’ সিনেমাটি। ভরপুর অ্যাকশন ঘরানার এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী আলিয়া ভাট। যে কারণে সিনেমাটির মুক্তির জন্য চাতকের মতো অপেক্ষায় রয়েছেন মহেশভাটকন্যা। কারণ অনেকদিন ধরে জ্বলে উঠতে পারছেন না এই অভিনেত্রী। আলফা’র মাধ্যমে নতুনভাবে দর্শকের সামনে জ্যোতি ছড়াতে চাচ্ছেন তিনি। কিন্তু বারবার তাকে আশাহত করছে সিনেমাটি। আরেক দফা আলফার মুক্তি পিছিয়ে যাওয়ায় অনেকটাই মন ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন আলিয়া। এবার আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নতুন দিনক্ষণ ঘোষণা করে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হলো। আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে আলফা। গতকাল সোমবার ঘোষণার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে একটি নতুন টিজার পোস্টার; যা ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

পোস্টারে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন রূপে আলিয়া ভাটকে। মুখে ও শরীরে আঘাতের চিহ্ন, পোশাকে লেগে থাকা রক্তের দাগ সব মিলিয়ে বোঝা যাচ্ছে কোনো ভয়ংকর সংঘর্ষের ঠিক পরের মুহূর্ত ধরা পড়েছে ছবিটিতে। তার এই তীব্র ও লড়াকু অবতারই যেন ইঙ্গিত দিচ্ছে, ছবিতে অপেক্ষা করছে এক নির্মম অ্যাকশন লড়াই। জানা গেছে, এর আগে ছবি রিলিজের তারিখ প্রায় নির্ধারিত হলেও, বক্স অফিসের অন্যান্য বড় ছবি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ এবং সালমান খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর সঙ্গে মুখোমুখি হওয়া এড়াতে প্রযোজনা সংস্থা রিলিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে সিনেমাটি ২০২৫ সালের বড়দিনে মুক্তির কথা ছিল, পরে ২০২৬ সালের এপ্রিল মাসে পরিবর্তিত হয়। এবার নিশ্চিত করা হয়েছে, ১০ জুলাই মুক্তি পাবে আলিয়া ভাট, শার্বরী ওয়াঘ, ববি দেওল ও অনিল কাপুর অভিনীত এই গোয়েন্দা ছবি।

প্রযোজকরা জানিয়েছেন, দুই বড় সিনেমার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা এড়াতেই জুলাই মাসে রিলিজ নির্ধারণ করা হয়েছে। এর ফলে আলিয়া ভাটের সিনেমার বক্স অফিস ব্যবসা নিরাপদ থাকবে বলে আশা করা হচ্ছে। এই ছবিতে আলিয়ার সঙ্গে জুটি বাঁধছেন বলিউডের উঠতি তারকা শার্বরী ওয়াঘ। দুই নারী চরিত্রকে ঘিরেই এগোবে এই নির্দয় অ্যাকশন

থ্রিলারের গল্প। ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিজ্ঞ অভিনেতা অনিল কাপুর। আর গল্পের অন্ধকার ও শক্তিশালী প্রতিপক্ষের চরিত্রে দেখা যাবে ববি দেওলকে। তবে সিনেমার অন্যতম আকর্ষণ হতে চলেছে আলিয়া ও শার্বরীর সরাসরি সংঘর্ষ ববির চরিত্রের সঙ্গে।

‘আলফা’ আরও একটি কারণে বিশেষ গুরুত্বপূর্ণ। এই ছবির মাধ্যমেই প্রথমবার যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করছেন আলিয়া ভাট। পাশাপাশি এটি ভারতীয় মূলধারার সিনেমায় অন্যতম প্রথম পূর্ণাঙ্গ মহিলাকেন্দ্রিক অ্যাকশন ছবি, যেখানে দুই নারী চরিত্রই গল্পের চালিকাশক্তি। নির্মাতাদের দাবি, এমন কিছু অ্যাকশন দৃশ্য এখানে দেখা যাবে যা আগে মূলধারার সিনেমায় নারীদের ক্ষেত্রে খুব কমই দেখা গেছে।

ছবিটির পরিচালনায় রয়েছেন শিব রাওয়াইল; যিনি এর আগে যশরাজের আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিরিজ ‘দ্য রেলওয়ে মেন’ পরিচালনা করেছিলেন। আর পুরো প্রকল্পটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন আদিত্য চোপড়া।