এই ঈদে

মৌলিক গানে লিজা

প্রতিবারের মতো এবারের বিটিভি, চ্যানেল আই, এটিএন নিউজসহ আরও বেশ কিছু চ্যানেলে গান গাইতে দেখা যাবে সানিয়া সুলতানা লিজার। আর ঈদের পরপরই যথারীতি স্টেজ শো নিয়েও ব্যস্ততা শুরু হবে বলেও জানালেন তিনি। ঈদ সামনে রেখে সবসময়ই শিল্পীরা নতুন মৌলিক গান প্রকাশ করার চেষ্টা করেন। সেই ধারাবাহিকতায় এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে তার কণ্ঠে নতুন মৌলিক গান ‘ভালোবাসা কেন যে এমন হয়’। গানটি লিখেছেন সহদেব সাহা। সুর করেছেন বেলাল খান। গানটিতে লিজার সহশিল্পীও তিনি। গানটির ভিডিও নির্মাতা আদর মির্জা ও এটি প্রযোজনা করেছেন রাজ বিশ্বাস শংকর। এটি মূলত ‘প্রিয়জন’ নাটকের একটি গান। আলাদাভাবে গানটি গত ৪ মার্চ ইউটিউবে গানটি প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে লিজা বলেন, ‘গানের কথা তো খুব সুন্দর। এর আগেও আমার সঙ্গে বেলাল ভাইয়ের গাওয়া পাখি গানটি শ্রোতা দর্শকের মধ্যে ভীষণ সাড়া ফেলেছিল। এই গানটি নিয়েও প্রত্যাশা আছে। পাখি এক ঘরানার গান আর ভালোবাসা কেন যে এমন হয় আরেক ঘরানার গান। দুটি দুই ধরনের সুরের গান। এরই মধ্যে গানটি প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছি।’

নতুন চমকে ব্যাচেলর পয়েন্ট

তুমুল জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ আসন্ন ঈদে আবারও দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছে। প্রকাশিত হতে যাচ্ছে বিশেষ ‘চ্যাপ্টার ১০’। নির্মাতা অমি এক ভিডিও বার্তায় জানান, নতুন এই অধ্যায় ঈদ উপলক্ষে মুক্তি পাবে। সেখানে দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ সারপ্রাইজ। সেটি ১২ মার্চ জানানো হবে। প্রচারের শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্তে জনপ্রিয়তা পেয়েছে কাবিলা, হাবু, পাশা, নেহাল, শুভদের জীবনযাপন, বন্ধুত্ব, হাস্যরস। বাস্তবতার মিশেলে ‘ব্যাচেলর পয়েন্ট’ তরুণ দর্শকদের কাছে এখনো সেই জনপ্রিয়তা ধরে রেখেছে। সাফল্যের ধারাবাহিকতায় সিরিয়ালটির পঞ্চম সিজন চলছে। প্রতিটি চ্যাপ্টার প্রকাশের সময়ই ভক্তদের মধ্যে তৈরি হয় আলাদা উন্মাদনা। সেই ধারাবাহিকতায় এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে চ্যাপ্টার ১০, যেখানে পুরনো পরিচিত চরিত্রগুলোর পাশাপাশি চমক হিসেবে নতুন কাউকে দেখা যেতে পারে বলে আভাস মিলেছে। নির্মাতা জানিয়েছেন, এবার গল্পে থাকবে কিছু অপ্রত্যাশিত মোড় এবং বিশেষ কিছু উপস্থিতি, যা দর্শকদের জন্য বড় চমক হয়ে উঠতে পারে। ধারণা করা হচ্ছে, ঈদের বিশেষ এই পর্বগুলো প্রকাশের পর আবার সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ‘ব্যাচেলর পয়েন্ট’। সিরিয়ালটি প্রচার হচ্ছে বঙ্গ অ্যাপে, পরে পাওয়া যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায় এবং বুম ফিল্মসের ইউটিউবে।