জামায়াত আমির বললেন

নির্বাচনের ফল ইঞ্জিনিয়ারিং ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে

নির্বাচনের ফল ইঞ্জিনিয়ারিং ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের ফলে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে এখন তার রাজসাক্ষীও পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হচ্ছে।’

গতকাল সোমবার জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যে পবিত্র রমজানের রহমত, মাগফিরাত ও নাজাতের তাৎপর্য তুলে ধরেন। সংগঠনের মুখপাত্র রাশেদ প্রধানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন। মরহুম শফিউল আলম প্রধানের হাতে গড়া সংগঠন জাগপার উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলটি হয়।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতি থেকে ‘প্রতিহিংসার বিষ’ এবং ‘দুর্নীতির ক্যানসার’ দূর করতে না পারলে গত ৫৫ বছরের মতো ভবিষ্যতেও দেশ কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছাতে পারবে না। আমরা কেবল আসনের জন্য রাজনীতি করি না, জনগণের অধিকার কায়েমের জন্য রাজনীতি করি।

সম্প্রতি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, দীর্ঘ ৫৪ বছরের বঞ্চনার পর আমাদের যুব সমাজের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, সেই যুব সমাজকে আমরা চিরতরে বুকে ধারণ করে রাখব। তাদের আকাক্সক্ষা বাস্তবায়নে আমাদের কাজ করে যেতে হবে। তাদের একটাই সেøাগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’ (আমরা সুবিচার চাই)। আমরাও সর্বক্ষেত্রে সুবিচার চাই। স্বজনপ্রীতি, দলপ্রীতি বা গোষ্ঠীপ্রীতি আমরা আর দেখতে চাই না।’

বিশ্বব্যাপী নিপীড়িত মানবতার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা যুদ্ধের কারণে চরম অস্থিরতায় দিন পার করছে। অনেকেই হয়তো ইফতার ও সাহরিতে সামান্য খাবারটুকুও পাচ্ছে না। মানবতার ওপর যারা জুলুম করছে, আমরা তাদের তীব্র নিন্দা জানাই। যেখানেই মানবতা লঙ্ঘিত হবে, আমরা সেখানেই মানবতার পক্ষে দাঁড়াব। এ সময় ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর লড়াই অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দলের আমির।

দেশের চলমান সামাজিক অবক্ষয়ের প্রতি ইঙ্গিত করে তিনি স্বাধীনতাপরবর্তী ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রের কথা স্মরণ করেন। তিনি আক্ষেপ নিয়ে বলেন, আজকেও দেশের একজন বরেণ্য ব্যক্তি আক্ষেপ করে বলেছেন আমরা কবে মানুষ হবো? সত্যিই আমাদের মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে।