ভাসাভির ২১ বছর পূর্তিতে তারার মেলা

২১ বছর পূর্ণ করল অভিজাত ফ্যাশন হাউজ ‘ভাসাভি’। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে ফ্যাশন হাউজটির পূর্তি উদযাপনে বসেছিল তারার মেলা। শুভেচ্ছা জানাতে বিনোদনজগতের তারকারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অপু বিশ্বাস, তানজিন তিশা, তমা মির্জা, কেয়া পায়েল, নিরব, আঁখি আলমগীর, রবি চৌধুরী ও ফ্যাশন অঙ্গনের নামকরা মডেলরা। এছাড়া উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম খলিলসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব ও ব্যবসায়ীরা।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা বলেন, এক্সক্লুসিভ কালেকশন ও গুণগত মানের সব ধরনের লাইফস্টাইল পণ্যের কারণে ভাসাভি ক্রেতাদের পছন্দের শীর্ষে। ভাসাভিতে যেসব পণ্য বিক্রি হয় সেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। এ কারণে ২১ বছর ধরে সুনামের সঙ্গে ভাসাভি ব্যবসা করে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। তিনি জানান, ঈদ উপলক্ষে উপমহাদেশের আকর্ষণীয় সব জুয়েলারি, পাঞ্জাবি, থ্রি-পিস, শাড়ি, লেহেঙ্গা, শেরওয়ানি, শারারা, গাউন, পাগড়ি, নাগরা, বেনারসি শাড়িসহ শিশুদের জন্য যাবতীয় লাইফস্টাইল পাওয়া যাচ্ছে ভাসাভিতে।

ভাসাভির ২১ বছর পূর্তিতে এসে চিত্রনায়ক নিরব বলেন, এই ফ্যাশন হাউজের সঙ্গে আমার দীর্ঘদিনের পথচলা। প্রতিবার ঈদে ভাসাভির এক্সক্লুসিভ সব কালেকশনের শুটে অংশ নিই। তাছাড়া সারা বছর আমি ভাসাভির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকি। এ ছাড়া তারকা থেকে ক্রেতা-ব্যবসায়ী সবার উপস্থিতিতে জমে উঠেছিল ভাসাভির ২১ বছর পূর্তি।