মাতামুহুরীতে গোসলে নেমে ২ কিশোরীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মৌলভিরচর এলাকায় মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিক্ষার্থীর বাড়ি মৌলভিরচর গ্রামে। নাম মাইমুনা আক্তার ও আব্দুর রহিমের মেয়ে ইশপা মুনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে সমবয়সী কয়েকজন কিশোরী মিলে মাতামুহুরী নদীতে গোসল করতে গেলে সেখানে চার কিশোরী তলিয়ে যায়। এ সময় দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও অন্য দুজন নিখোঁজ থাকে। খবর জানার পর লোকজন নদীতে নেমে বুঝতে পারেন বিশাল গর্তসহ সৃষ্ট চোরাবালিতে আটকে রয়েছে দুই কিশোরী।  তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন। এ সময় অসুস্থ অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে হঠাৎ গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ গর্তে পড়ে এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা।