বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. এফ এম সিদ্দিকী

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিযুক্ত করা হয়েছে। গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষতির এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। তিনি ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক। তিনি সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার চিকিৎসক ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্য-এর সানুগ্রহ অনুমোদনক্রমে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নম্বর অধ্যাদেশ বলে সংশোধিত)’-এর ১২ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।

উপাচার্য হিসেবে তার নিযুক্তির মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে; তিনি বেতন-ভাতাদিসহ বিধি অনুযায়ী উপাচার্যের পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; উপাচার্য হিসেবে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নম্বর অধ্যাদেশ বলে সংশোধিত)’-এর ১৪ ধারা অনুযায়ী তার দায়িত্বাবলি পালন করবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।