বিশ্বকাপের পথে নেইমার? প্রাথমিক দলে রাখলেন আনচেলত্তি

দীর্ঘদিন চোটে থাকার পর আবারও ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তারকা ফুটবলার নেইমার জুনিয়রের। আসন্ন প্রীতি ম্যাচগুলোর জন্য প্রাথমিক দলে তাকে রেখেছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। ফলে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে খেলার আশা আবারও জেগে উঠেছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের সামনে।

বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে জায়গা করে নেওয়ার লক্ষ্যেই লড়াই করছেন নেইমার। যদিও চূড়ান্ত দলে তার জায়গা এখনও নিশ্চিত নয়।

২০২৩ সালের ১৭ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর হাঁটুর চোট পান নেইমার। সেই চোটের কারণে এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। এরপর ব্রাজিলিয়ান এই তারকাকে দীর্ঘ পুনর্বাসন ও চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।

২০২৫ সালে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসে আবারও ফুটবলে ফেরেন তিনি। এর আগে সৌদি আরবের ক্লাব আল হিলালে খেলেছিলেন নেইমার। তবে গত বছরের ৭ ডিসেম্বর ব্রাজিলিয়ান লিগে ক্রুজেইরোর বিপক্ষে ম্যাচের পর আবারও হাঁটুর সমস্যায় পড়েন। পরে ২২ ডিসেম্বর তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়।

সুস্থ হয়ে ক্লাবের জার্সিতে মাঠে ফিরেই গোল করে ব্রাজিল দলের আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য প্রাথমিক দলে জায়গা পেয়েছেন নেইমার। সেখানে ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্স জাতীয় ফুটবল দলের বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই দুটি ম্যাচই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হলেও নেইমারের জন্য এটি বড় এক পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে।

'মার্কা'র খবরে বলা হয়েছে, কার্লো আনচেলত্তি ব্রাজিলিয়ান লিগের একটি ম্যাচে সরাসরি উপস্থিত থেকে নেইমারের পারফরম্যান্স দেখবেন। মিরাসোল ও সান্তোসের ম্যাচে তাকে পর্যবেক্ষণ করবেন কোচিং স্টাফ। এরপর পারফরম্যান্স বিবেচনা করেই চূড়ান্ত স্কোয়াডে নেইমারের নাম রাখা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে।

২০২৬ মৌসুমে সান্তোসের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন নেইমার। গোল ও অ্যাসিস্ট করে আবারও নিজের সামর্থ্যের আভাস দিয়েছেন তিনি। তবে এই সুযোগ কাজে লাগাতে না পারলে আরেকটি বিশ্বকাপে খেলার স্বপ্ন তার জন্য কঠিন হয়ে যেতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।