প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ, তদন্তের ঘোষণা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পদত্যাগকারী প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের কথা বলে আসামিপক্ষের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। 

তিনি বলেছেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সাইমুমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার (১০ মার্চ) ট্রাইব্যুনালের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এর আগে সকালে উদ্ভুত পরিস্থিতিতে করনীয় নিয়ে অন্যান্য প্রসিকিউটরদের নিয়ে  জরুরি বৈঠক করেন চিফ প্রসিকিউটর। 

পরে তিনি সংবাদ সম্মেলনে বলেন, আজকে পত্রিকায় এ বিষয়ে একটি প্রতিবেদন দেখেছি। কিন্তু এ নিয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আমার কাছে আসেনি। যদি আনুষ্ঠানিক কোনো অভিযোগ আসে তাহলে বিষয়টি তদন্ত করা হবে। 

তিনি আরো বলেন, এবিষয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত হবে। তদন্তে নাম আসলে আইনি ব্যবস্থা নেয়া হবে। 
প্রসঙ্গত, জুলাই অভ্যূত্থানের সময় হত্যা মামলার আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে জামিন করিয়ে দিতে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে।