আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সদ্য সাবেক এক প্রসিকিউটরের বিরুদ্ধে আওয়ামী লীগের এক কারাবন্দি রাজনীতিককে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিওতে এসব তথ্য পাওয়া গেছে বলে দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
অভিযুক্ত প্রসিকিউটর হলেন মো. সাইমুম রেজা তালুকদার, যিনি সম্প্রতি ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জরুরি বৈঠকে বসে আইসিটির চিফ প্রসিকিউটরের কার্যালয়। বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়, এই অভিযোগের সত্যতা যাচাইয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হবে।
ট্রাইব্যুনাল চত্বরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমি বাসায় বসে সংবাদমাধ্যমে দেখেছি। দেখামাত্রই প্রসিকিউটরদের জরুরি বৈঠকে ডাকি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি।
তিনি আরও জানান, যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি (সাইমুম রেজা তালুকদার) সম্ভবত দুই-তিন দিন আগে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
চিফ প্রসিকিউটর বলেন, যদি আমার কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসে, তাহলে আমার আইনগত ক্ষমতা অনুযায়ী ব্যবস্থা নেব। তবে আনুষ্ঠানিক অভিযোগ না এলেও আমি চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করব। তিনি জানান, শুধু এই ঘটনা নয়, গত ৫ আগস্টের পর ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে সব বিষয় খতিয়ে দেখতে অভ্যন্তরীণ একটি কমিটি গঠন করা হবে। কোনো অনিয়ম পেলে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়া হবে, যোগ করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রামের মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি চট্টগ্রাম-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্ত করতে তার পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। হোয়াটসঅ্যাপে কথোপকথনের অডিও ফাঁস হওয়ার পর এই অভিযোগের ভিত্তিতে তাকে ওই মামলা থেকে সরিয়ে দেন তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে ওই সময় তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা যায়।
গত ৭ অক্টোবর ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান সাইমুম রেজা তালুকদার। সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রসিকিউটরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।