জাপানের বড় জয়ে কপাল খুললো উজবেকিস্তানের, হতে পারতো বাংলাদেশ

বাংলাদেশ শেষ গ্রুপ ম্যাচে ৪-০ তে বিধ্বস্ত করে নিজেদের কাজটা করে রেখেছিল উজবেকিস্তান। পার্থের র‍্যাকটেঙ্গুলার স্টেডিয়ামে সোমবার সেই জয়ের পর থেকেই শুরু তাদের রুদ্ধশ্বাস অপেক্ষা। মঙ্গলবার সেই মাঠেই যেন উজবেকদের জন্য খেললো জাপান। এ গ্রুপের সেরারা ভিয়েতনামকে হারিয়েছে ৪-০ ব্যবধানে। তাতে ভাগ্য খুলেছে উজবেকিস্তান ও ফিলিপাইনের। তিন গ্রুপের ছয় সেরার সঙ্গে এই দুই দল শেষ আটের টিকিট পেয়েছে সেরা দুই তৃতীয় দল হিসেবে। 

তিন ম্যাচ শেষে উজবেকিস্তান, ফিলিপাইন ও ভিয়েতনামের সমান তিন পয়েন্ট। তবে গোল গড়ে উজবেকিস্তান ও ফিলিপাইন পেছনে ফেলেছে ভিয়েতনামকে। তিন ম্যাচ শেষে মাইনাস ২ গোল উজবেক ও ফিলিপিনোদের। জাপানের কাছে ৪-০ তে হেরে ভিয়েতনামিরা বিদায় নিয়েছে মাইনাস ৪ গোল গড় নিয়ে। 

সিডনির প্যারামাটা স্টেডিয়ামে আসরের গ্রুপপর্বের শেষ ম্যাচে চীনা তাইপে ৩-১ গোলে হারায় ভারতকে। বাংলাদেশের মতো প্রতিবেশী ভারতও কোন পয়েন্ট পায়নি এ আসরে। গোল হজমেও বাংলাদেশকে পেছনে ফেলেছে ভারতীয়রা। তিন ম্যাচে ১৬ গোল হজমের বিপরীতে তারা করেছে ২ গোল। বাংলাদেশ অবশ্য ১১ গোল হজম করলেও কোন গোল করতে পারেনি৷ গোল গড়ের হিসেবে বাংলাদেশ ও ভারতকে পেছনে ফেলেছে এ গ্রুপের তলানীর দল ইরান। তারা নয় গোল খেয়েছে, পারেনি কোন গোল করতে।

গ্রুপ পর্ব শেষে তিন ম্যাচে সবচেয়ে বেশি ১৭ গোল করে কোয়ার্টারে গিয়েছে জাপান। ১৫ মার্চ কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে ফিলিপাইনের। সি গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া আগের দিন খেলবে উজবেকদের সঙ্গে। স্বাগতিক অস্ট্রেলিয়া ১৩ মার্চ উত্তর কোরিয়ার মুখোমুখি হবে। আর ১৫ মার্চ উজবেকদের দিতে হবে দক্ষিণ কোরিয়া পরীক্ষা।