ঢাবি শাখা শিবিরের কমিটিতে মেধাতালিকায় শীর্ষে থাকা একাধিক শিক্ষার্থী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২১ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির তথ্য প্রকাশ করা হয়। নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া দুই শিক্ষার্থীসহ অন্তত ৭ জন বিভাগীয় মেধাতালিকায় শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থী স্থান পেয়েছেন।

কমিটিতে মেধাবী শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে।

ঘোষিত কমিটিতে যেসব শিক্ষার্থী নিজ নিজ বিভাগ বা একাডেমিক ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছেন তাদের মধ্যে রয়েছেন- সংগঠনের সভাপতি মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসাইন খান, মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আশিক বিল্লাহ, আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া), গবেষণা সম্পাদক রাফিদ হাসান সাফওয়ান এবং ছাত্রকল্যাণ সম্পাদক মো. মাহাবুব আলম (মিরাজ)।

নতুন কমিটির আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া ২০২০–২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন। পরবর্তীতে স্নাতক পর্যায়ের ফলাফলেও তিনি তার বিভাগে যৌথভাবে পঞ্চম স্থান অর্জন করেন।

একই শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া রাফিদ হাসান সাফওয়ানও নতুন কমিটিতে জায়গা পেয়েছেন। তিনি বর্তমানে হাজী মুহাম্মদ মুহসীন হল সংসদের সাধারণ সম্পাদক এবং ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভাগীয় ফলাফলেও তিনি সপ্তম স্থান অর্জন করেন।

কমিটির সভাপতি মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। তিনি স্নাতক পর্যায়ে ৩.৯৩ সিজিপিএ অর্জন করে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরে স্নাতকোত্তরেও ৩.৯৭ সিজিপিএ অর্জন করে তিনি আবারও কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আশিক বিল্লাহ আরবি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষায় ৩.৯৮ সিজিপিএ অর্জন করে যৌথভাবে প্রথম স্থান লাভ করেন। তিনি বিজয় একাত্তর হল সংসদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তরে ৪.০০ সিজিপিএ অর্জন করেন। স্নাতক পর্যায়ে তিনি কবি জসীমউদ্দীন হলে প্রথম হয়ে গোল্ড মেডেল এবং ডিনস অ্যাওয়ার্ড পান।

সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসাইন খান ২০১৯–২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৩০তম স্থান অর্জন করেন। পরবর্তীতে আরবি বিভাগ থেকে স্নাতকে ৩.৯৯ সিজিপিএ পেয়ে প্রথম স্থান অধিকার করেন এবং ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন।

অন্যদিকে ছাত্রকল্যাণ সম্পাদক মো. মাহাবুব আলম (মিরাজ) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতক পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, ছাত্রশিবির সবসময় মেধাবী, সৃজনশীল এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। সংগঠনটি শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়; এর বাইরে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচিও পরিচালিত হয়।

তার মতে, নতুন কমিটির এক-তৃতীয়াংশ সদস্য যদি একাডেমিকভাবে শীর্ষস্থান অধিকারী হন, সেটি সংগঠনের দীর্ঘদিনের সেই ধারা ও মনোভাবেরই প্রতিফলন।