গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসা ও শ্রমিক সরবরাহ কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার নেসলে কারখানার সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আবির, ফারুক, মিরাজ, মনির হোসেন ও রনি।
গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে কারখানার ঝুট ব্যবসা পরিচালনা করে আসছি। সকালে কারখানা থেকে মালামাল বের করার জন্য শ্রমিক নিয়ে কারখানার প্রধান ফটকে গেলে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া ও শ্রীপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা সজিব খানের নেতৃত্বে দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে মারধর শুরু করে। এ সময় আমার চারজন শ্রমিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতা খাটিয়ে বিএনপি নেতা নছ মিয়া আমাদের লোকজনকে তাড়িয়ে দিয়ে কারখানার ব্যবসা দখলে নিতে চাচ্ছেন।’
অভিযুক্ত ইউনুস আলী নছ মিয়া বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তার কোনো লোক সেখানে মারামারি করার জন্য যাননি। তিনি মারামারি পক্ষে নন।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।